
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কোয়ালিফায়ার থেকে বিদায় নিতে হলো মেহেদী হাসান মিরাজদের। ফাইনালে উঠার দৌড়ে জ্যামাইকা কিংসমেনের কাছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স হেরে গেছে ৫ উইকেটে।
এই ম্যাচে বল হাতে বিবর্ণ ছিলেন মেহেদী মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। অবশ্য আগের ৫ ম্যাচে ৬.৫৭ ইকোনমি রেটে নিয়েছেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বার্বাডোজে আগে ব্যাট করে শিমরন হেটমায়ারের অপরাজিত সেঞ্চুরিতে ২০৬ রান সংগ্রহ করেছিল গায়ানা। জবাবে রভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় জ্যামাইকা।
গায়ানার হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হেটমায়ার। শুরুতে ২ উইকেট হারিয়ে ৩৭ রান করা গায়ানাকে ঘুরে দাঁড় করান তিনি। শাই হোপের সাথে ৯৬ এবং কুইন্টিন স্যাম্পসনের সাথে ৬৫ রানের জুটি গড়েন হেটমায়ার।
শেষ বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ২৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। ৪৫ বলে ৪ চার ও ৮ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি সিপিএলে এটি তার দ্বিতীয় এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকার হয়ে কেসি কার্টি করেন ৪০ বলে ৫৬ রান। মাজ সাদাকাত ১৭ বলে ৪১ ও কার্ক ম্যাকেঞ্জি ২০ বলে ৩৪ রান করে জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে মাত্র ১৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন রভম্যান পাওয়েল।
প্রথম পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে উঠলেও পরপর দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল গায়ানা। অন্যদিকে জ্যামাইকা এখন শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার।







