বিসিবি
বিসিবি সংগৃহীত

বিপিএলের আদলে ছয় দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বরের ১০ থেকে ১২ তারিখের মাঝে শুরু হতে যাওয়া সম্ভাব্য এই টুর্নামেন্টের ম্যাচ হতে পারে ঢাকা ও বরিশালে। ইতোমধ্যে বরিশাল ভেন্যুকে প্রস্তুত করার কাজ এগিয়ে চলছে।

বিসিবির পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, নতুন এই টুর্নামেন্টের মাধ্যমে প্রায় ১৫০ ক্রিকেটারকে খেলার সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে। বাড়ানো হবে তাদের আর্থিক সুবিধাও।

মিজানুর বলেন, ‘এখন আমরা ছয়টা দল করেছি নতুন করে, বিপিএলের আদলেই। ২৫ জন করে বা ২২ জন করে আপনারা খেলোয়াড় নিতে পারবেন। তার মানে প্রায় ১৫০ জন খেলোয়াড়কে আমরা সুবিধা দিচ্ছি। আর তাদের পারিশ্রমিক দ্বিগুণ এবং সাধারণ ম্যাচের তুলনায়ও বেশি।’

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন বিসিবির এই পরিচালক। তার মতে, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি নতুন ক্রিকেটারদের উঠে আসার পথ তৈরি করাই বোর্ডের অন্যতম লক্ষ্য।

নতুন টুর্নামেন্টকে ভবিষ্যতের বিপিএলের প্রস্তুতি হিসেবেও দেখছে বিসিবি। মিজানুরের ভাষায়, ‘এটা প্রায় বিপিএলের মতো, হ্যাঁ? টি-টোয়েন্টি, ফরম্যাট টি-টোয়েন্টি এবং ছয়টি দল—এটা প্রায় বিপিএলের মতো।’

এদিকে টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে বরিশালকে প্রস্তুত করা হচ্ছে। মিজানুর জানিয়েছেন, সেখানে ইনডোর ইতোমধ্যে চালু হয়েছে এবং মূল স্টেডিয়ামের প্রস্তুতির কাজও চলছে। প্রতিদিনের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি রিপোর্ট পাচ্ছেন বলেও জানান।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে ইনডোর চালু করে দিয়েছি। তারপরে আমাদের স্টেডিয়ামটা অত্যন্ত সুন্দরভাবে প্রস্তুত হচ্ছে। আমি প্রায় সবকিছুই দেখভাল করছি। প্রতিদিন আমাকে রিপোর্ট পাঠানো হচ্ছে—আজকের কী কাজ হয়েছে, কতটুকু সরঞ্জাম আছে।’

বরিশালে দর্শকদের আগ্রহ নিয়েও আশাবাদী বিসিবি। মিজানুর বলেন, ‘বরিশাল খুব ভালো একটি ভেন্যু হবে, আমি আপনাদের বলছি। দর্শক হবে অসাধারণ। আমি দর্শকদের আগেই বলে রাখছি, যখনই দেখবেন টিকিট বিক্রি হচ্ছে, আগে টিকিট কিনে রাখবেন। তা না হলে আপনারা টিকিট পাবেন না।’

বরিশালের মাঠকে আন্তর্জাতিক মানে প্রস্তুত করার কাজ চললেও আউটার স্টেডিয়ামে একটি পিচ তৈরির কাজ এখনো বাকি রয়েছে। সেটিও দ্রুত শেষ করার কথা জানিয়েছেন মিজানুর।