মিরসরাইয়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ
বিজিবির রামগড় ব্যাটালিয়নের টহল দল এসব কাঠ জব্দ করে। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে পাচারকালে বিভিন্ন প্রজাতির ৩৮৭ দশমিক ৭৮ ঘনফুট কাঠ জব্দ করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ রামগড় ব্যাটালিয়নের টহল দল এসব কাঠ জব্দ করে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে মিরসরাই উপজেলার ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের কয়লারমুখ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব কাঠ জব্দ করে।

৪৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকায় অবৈধভাবে মাদক ও চোরাচালান ঠেকাতে কয়লারমুখ চেকপোস্টে দিনরাত ২৪ ঘণ্টা তল্লাশি চলছে। বিজিবির দাবি, নিয়মিত তল্লাশির ফলে এলাকায় চোরাচালানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে এ অভিযান সহায়ক ভূমিকা রাখছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবির নিয়মিত অভিযানের পরও কাঠ পাচার থামছে না। বিজিবির অভিযানে কাঠ ও বাঁশ জব্দ করা হলেও সংরক্ষিত বন ও পাহাড়ের কাঠ ব্যাপকভাবে পাচার হচ্ছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর সাথে অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে এসব কাঠ করেরহাট ফরেস্ট রেঞ্জের চেকপোস্ট অতিক্রম করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয়। 

সূত্র জানায়, ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে বিজিবির কয়লারমুখ চেকপোস্টের কয়েক কিলোমিটার পরেই করেরহাট ফরেস্ট রেঞ্জ কার্যালয় ও চেকপোস্ট অবস্থিত। কাঠ পাচারের সুযোগ দিতে বনবিভাগের এ দফতরের কর্মীরা ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেয়া হয়। বনবিভাগের কর্মীদের পরোক্ষ সহযোগিতায় প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫ ট্রাক কাঠ পাচার হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে করেরহাট বনবিভাগের স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেন।