
খুলনা মহানগরীতে সাত জায়গায় গুলিবর্ষণের পরদিন আবারো গুলির ঘটনা ঘটেছে। এবার ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় একটি বাড়ির গেটে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মোটরসাইকেলে করে এসে তিন যুবক গুলি করে পালিয়ে যায়।
অপরদিকে একইদিন ভোরে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানি বাহিনী প্রধানের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ১০ ঘণ্টার ব্যবধানে নগরীর সাতটি স্থানে গুলিবর্ষণ ও আওয়ামী লীগের এক নেতাকে হত্যার ঘটনা ঘটে। এরপর আজ বুধবার দুপুর আড়াইটার দিকে মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ স্কুলের সামনে সুমনের বাড়ির গেটে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিন যুবক বাড়িটির সামনে আসে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। বাড়ির গেটের সামনে পৌঁছে তারা এক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেখানকার এক নারী জানান, ১০ থেকে ১৫ দিন ধরে কয়েকজন যুবক ওই বাড়ির লোকজনের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় আজ বুধবার তারা বাড়ির গেটে গুলি চালায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে।
এদিকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেজান, সত্তার ও নয়ন নামে তিনজনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সেজান শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানি বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









