বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে বাংলাদেশ। ক্রিকইনফো
ads


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানে সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে ১০৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। উইয়ান মুল্ডার নিয়েছেন দুটি উইকেট।

তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে না নেমে প্রথম ইনিংস ৭ উইকেটে ৪৯৪ রানে ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশ লাঞ্চ বিরতিতে ২৯৪ রানে পিছিয়ে ছিল। ফলে দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিংয়ে নামাতে হলে আরো ২৯৪ রান করতে হবে টাইগারদের।

লাঞ্চে ২৩ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। অপর প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ১২ রানে।

বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রনি ৫৮ রানের জুটি গড়েন। সিরিজে এটিই বাংলাদেশের প্রথম পঞ্চাশোর্ধ্ব উদ্বোধনী জুটি।

দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণ আরো মজবুত করা মুল্ডার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে দেন।

প্রথমে ২৯ রান করা তানজিদকে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। একইভাবে মুমিনুল হককেও ফেরান মুল্ডার। পাঁচ বল খেলে কোনো রান না করেই আউট হন মুমিনুল। এর মধ্য দিয়ে হতাশাজনক একটি সিরিজ শেষ হলো তার।

অন্যদিকে, আবারো আশাব্যঞ্জক শুরু করেছিলেন মাহফিজুল। তবে বড় ইনিংসে রূপ দিতে পারেননি তিনি। মার্কো জানসেনের বলে এলবিডব্লিউ হয়ে ৩৮ রানে ফেরেন এই ওপেনার।