উত্তর কোরিয়ার পতাকা
উত্তর কোরিয়ার পতাকা। সংগৃহীত ছবি
ads

সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

এর একদিন আগে সুইজারল্যান্ডের আরোপিত নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটিতে নতুন চালু হওয়া সুইস কূটনৈতিক কার্যালয় বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল পিয়ংইয়ং।

পশ্চিমা দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডের হাতেগোনা কয়েকটি দেশের একটি, যারা উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়া সফরের কয়েক সপ্তাহের মধ্যেই এ বহিষ্কারের ঘটনা ঘটল। ওই সফরে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছিল।

সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয়টি চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সুইস দূতাবাসের অধীনে পরিচালিত হয়। উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্ক দেখভালের দায়িত্বও ওই দূতাবাসের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ) জানায়, ‘গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (উত্তর কোরিয়া) পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে অবাঞ্ছিত ব্যক্তি (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপবিষয়ক বিভাগের মহাপরিচালক পাক হিয়ন সু কার্যালয়টির প্রধান সিলভাঁ অস্তিয়েকে তলব করেন। এ সময় তার হাতে কার্যালয়টি বন্ধ করার আহ্বান জানিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকলিপি তুলে দেয়া হয়।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার সংস্থাগুলোর ওপর সুইজারল্যান্ডের কর্তৃপক্ষের ‘প্রকাশ্য শত্রুতামূলক পদক্ষেপের’ জবাবে অস্তিয়েকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। সুইজারল্যান্ড উত্তর কোরিয়ার সংডোওন আন্তর্জাতিক শিশু শিবিরকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার প্রভাবশালী বোন সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয় বন্ধ করে দেয়ার হুমকি দেন। উত্তর কোরিয়ার ওনসান শহরে অবস্থিত সংডোওন আন্তর্জাতিক শিশু শিবিরের ওপর সুইজারল্যান্ডের নতুন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি এ হুমকি দেন। ওই শিবিরে চীন ও রাশিয়ার শিশুরা অংশ নেয়।

সংডোওন আন্তর্জাতিক শিশু শিবিরের বিরুদ্ধে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে নিয়ে আসা শিশুদের মতাদর্শিকভাবে প্রভাবিত করার অভিযোগ রয়েছে।

সূত্র : বাসস