সড়ক দুর্ঘটনা
তাহিরপুর সড়ক। নয়া দিগন্ত
ads

সুনামগঞ্জের তাহিরপুরে যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে একটি গরুর ধাক্কায় এক নারী ও গরুটি নিহত হয়েছে। এতে চালকসহ অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ-তাহিরপুর সড়কে দুর্ঘটনা ঘটে।

জেলার মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী প্রতিমা রানী দাস (৩৫) নিহত হয়েছে। গুরুত্বর আহত মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) ও মোটরসাইকেল চালক তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে পাবেল হোসাইনকে (১৭) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ নিহত ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি জানিয়েছেন, জেলার মধ্যনগর উপজেলা থেকে তাহিরপুর উপজেলায় যাওয়ার জন্যে মোটরসাইকেল চালক দুইজন যাত্রী নিয়ে রওনা হয়। পথে তাহিরপুর উপজেলার শাহগঞ্জ গ্রাম থেকে হাওরের দিকে একটি গরু যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালকসহ দুইজন যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় গরুটি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই প্রতিমা রানী দাসের মৃত্যু হয়। পরে আহত অপর দু’জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিক্যাল এসিস্ট্যান্ট ফয়েজ আহমদ নূরী জানিয়েছেন, গুরুতর আহত এক নারীসহ দু’জনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। পরে আহতদের মধ্যে এক নারীর মৃত্যু হয়।
 
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।