ইজতেমা মাঠের ছামিয়ানা তাবু
ইজতেমা মাঠের ছামিয়ানা তাবু। নয়া দিগন্ত
ads

লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে। আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর শহরের কালেক্টরেট মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। এতে ধর্মীয় দিকনির্দেশনা ও বয়ান পেশ করবেন ঢাকা কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ জন আলেম।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসবেন। এবারের জমায়েতে জেলার পাঁচ উপজেলা ও দু’টি পৌরসভার মুসল্লিসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের ১২ থেকে ১৫ হাজার অনুসারী অংশ নেবেন।

বিশাল মাঠজুড়ে বাঁশ ও কাপড় দিয়ে ছামিয়ানা তাবু নির্মাণ করা হচ্ছে। মুসল্লিদের সুবিধার্থে অজু ও গোসলখানাসহ শতাধিক শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিক্যাল চেকআপের ব্যবস্থাও থাকছে।

লালমনিরহাট জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির মতে, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর উত্তরবঙ্গের সীমান্তবর্তী এই জেলায় মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত এটি। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের কয়েক হাজার অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন।

বাস্তবায়ন কমিটির শূরা সদস্য মো: মজর হাজী বলেন, বিশাল মাঠজুড়ে বাঁশ দিয়ে ছামিয়ানা তাবু টাঙিয়ে ইজতেমার মাঠ তৈরি করা হয়েছে। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, জেলা ইজতেমা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সাথে সমন্বয় করে কর্মপন্থা সাজানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ময়দান পুলিশের নজরদারিতে থাকবে।