
বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মহা পিন্ডদান। স্থানীয় মারমা সম্প্রদায় এই উৎসবকে ‘ছোয়াইন্দ গ্রী’ বলেন। এতে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারের দেড়শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজগুরু বৌদ্ধবিহার থেকে বৌদ্ধ ভিক্ষুরা এই মহাপিন্ডদান উৎসবে যোগ দেন।
শহরের মধ্যমপাড়া, উজানী পাড়া, জাদি পাড়াসহ বিভিন্ন এলাকায় নানা রঙের প্যান্ডেল টানিয়ে বৌদ্ধ নর নারীরা ভিক্ষু সংঘের মাঝে ভাতের পিন্ডসহ আগরবাতি মোমবাতি নতুন টাকা উৎসর্গ করেন।
এছাড়া পিন্ডদান উৎসবের অগ্রভাগে থাকা স্বর্ণের বৌদ্ধমূর্তিকে সম্মান জানায় তারা। এই উৎসবে বান্দরবান শহরের সহস্রাধিক বৌদ্ধ নর-নারী নানা সাজে সেজে ভিক্ষুদের দান করেন।
মূলত বৌদ্ধ বিহার গুলোতে কঠিন চীবর দান উৎসবের পর ভিক্ষু সংঘের সম্মানে বৌদ্ধ সম্প্রদায় মহা পিন্ড দান উৎসবের আয়োজন করে থাকে।
১৯৩০ সাল থেকে বান্দরবানে এই উৎসব পালিত হয়ে আসছে। বোমাং রাজপুত্র সাচ প্রু চৌধুরী জানিয়েছেন বোমাং সার্কেলের ১৩ তম বোমাং রাজা ক্যজ সাইন বান্দরবানে এই উৎসবের প্রচলন করেন।
এই উৎসবটি শুধু ঐতিহ্যবাহীই নয় এটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অনেক সম্মানের।
এতে বান্দরবানের সব কয়টি বৌদ্ধ বিহারের ভিক্ষুরা অংশ নেয়। নেতৃত্ব দেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ভিক্ষু। পার্শ্ববর্তী মায়ানমার ও থাইল্যান্ডে এই উৎসবের প্রচলন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









