
চুয়াডাঙ্গায় বিলের পাশে বদর উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত শেষ রাতে সদর উপজেলার কামরিয়া বিল সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মরহুম শামসুদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কামরিয়া বিল সংলগ্ন এলাকায় নিজ জমি ও মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে সেখানে একটি ছোট কুঁড়ে বা বসার ঘরে অবস্থানকালে কিংবা পাহারারত অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
ভোরে নিহতের ছেলে সুমন ঘটনাস্থলে গিয়ে বাবাকে রক্তাক্ত ও পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা এসে তার মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১০ থেকে ১২টি কোপের চিহ্ন দেখতে পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসীর কেউ কেউ নিহতের বিরুদ্ধে অতীতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে; দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি এক সময় নিষিদ্ধ সর্বহারা বাহিনীর সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি; হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









