গাজায় ইসরাইলের চালানো হামলা
গাজায় ইসরাইলের চালানো হামলা। সংগৃহীত ছবি
ads

২০২৫ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক কিশোরসহ ছয়জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত এ অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার তারা গাজায় কমপক্ষে একটি বিমান হামলা চালিয়েছে। এছাড়া আরেকটি হামলার খবরও খতিয়ে দেখছে তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইল আক্রমনের পর দু’বছর ধরে চলা যুদ্ধের অবসানে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকে উভয় পক্ষ নিয়মিতই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, গাজা সিটির কাছে ইসরাইলি বিমান হামলায় ১৭ বছর বয়সী কিশোরসহ তিনজন নিহত হয়েছেন।

তিনি জানান, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ স্টেশনে পৃথক বিমান হামলায় আরো তিনজন নিহত হয়েছেন।

হামাসের অধীন পরিচালিত গাজার পুলিশ বাহিনী জানায়, নিহতদের মধ্যে ২৩ ও ৩৩ বছর বয়সী দুই পুলিশ সদস্য রয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ‘পুলিশ বাহিনীকে লক্ষ্য করে চলমান অভিযানের অংশ’ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে নিন্দা জানিয়েছে তারা।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, পুলিশ স্টেশন এলাকায় তারা ‘সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে’।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এক হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের অধীন পরিচালিত হলেও মন্ত্রণালয়টির দেয়া পরিসংখ্যানকে জাতিসঙ্ঘ নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

একই সময়ে ইসরাইলের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

সূত্র : বাসস