সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নেয়া হয়। নয়া দিগন্ত
ads

সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে বাবু মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাবু মন্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নুরুল হুদার মেয়ে হাজেরা খাতুনের সাথে ২০০৯ সালে তার চাচাতো ভাই বাবু মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়।

দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে ২০১১ সালের ৮ নভেম্বর বাবু মন্ডল তার স্ত্রী হাজেরা খাতুনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল হুদা হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার আদালত বাবু মন্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।