আনরিখ নর্কিয়ার বলে বোল্ড মাহফিজুল ইসলাম
আনরিখ নর্কিয়ার বলে বোল্ড মাহফিজুল ইসলাম। সংগৃহীত
ads

একই দৃশ্যের পুনরাবৃত্তি। প্রথম টেস্টের দুই ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে চরম ব্যর্থ বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারছেন না নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা।

আজ সোমবার সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে আবারো বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৭ ওভারে ৮৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে দল। বেরিয়ে এসেছে ইনিংসের লেঁজ।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। পেসারদের জন্য সহায়ক উইকেটে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান (৩)। ৬ রানে প্রথম উইকেট হারানোর পর কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেন মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার এক ওভারে টানা দু’টি চারও মারেন তিনি। 

তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আনরিখ নর্কিয়ার বলে বোল্ড হয়ে ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪০ বলে ২৩ রান করা মাহফিজুলের বিদায়ের পর একই ওভারের শেষ বলে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

উইকেটে এসেই বাউন্ডারি মেরেছিলেন তিনি। কিন্তু পরের বলেই নর্কিয়ার শিকার হন। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুমিনুল হক ও নতুন ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের ওপর ছিল ইনিংস সামলানোর দায়িত্ব।

তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে স্বাচ্ছন্দে ছিলেন না মুমিনুল। একবার এলবিডব্লুর জোরালো আবেদন থেকে বেঁচে গেলেও রান তুলতে ভুগেছেন তিনি। শেষ পর্যন্ত উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে ফিরেছেন ৫১ বলে ১৮ রান করে। 

দলীয় ৬০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম টেস্টের দুই ইনিংসে শূন্য ও ১ রান করা মুমিনুলের ব্যাটে এবারো বড় ইনিংসের দেখা মিলল না। অন্যদিকে টপ অর্ডারের ব্যর্থতায় আবারো কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।

মুমিনুলের বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। তাওহীদ হৃদয়ের সাথে হাল ধরার চেষ্টা করেন তিনি। তবে ব্যর্থ তারাও। ৭৩ রানের মাথায় ১৬ বলে ৮ রান করে ইয়ানসেনের শিকার হন লিটন, হৃদয়ের দৌড় থামে ৪২ বলে ১৯ করে।

৮৫ রানে ৬ উইকেট হারিয়ে তিন অঙ্কে পৌঁছানোই এখন শঙ্কার মুখে। এমন শঙ্কা নিয়েই আপাতত চা বিরতিতে গেছে দল। জাকের আলীই কেবল আছেন এখন স্বীকৃত ব্যাটসম্যান।