বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, (ডানে) নেতাকর্মী ও সাধারণ জনতার জোয়ার
বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, (ডানে) নেতাকর্মী ও সাধারণ জনতার জোয়ার। নয়া দিগন্ত
ads

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সংলাপের নামে দাবি বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা করা যাবে না। জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হতে হবে।’

তিনি বলেন, ‘মোদি কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন এলে বাংলাদেশে কোনো দলাদলি থাকবে না। বাংলাদেশে বিএনপি থাকবে না, জামায়াত থাকবে না, এনসিপি থাকবে না। ১৮ কোটি মানুষ ও পুরো বাংলাদেশ এক দল হয়ে যাবে।’

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড়ে মহানগর এনসিপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেকেই বলছেন, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে গর্তে পড়তে দাও। কিন্তু আমাদের দু’টি বিষয় রক্ষা করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। একইসাথে মোদি যেভাবে আমাদের সীমান্তে বাসা বেঁধেছেন, এই সীমান্ত থেকে মোদিকেও বিদায় করতে হবে।’

ভারতের অস্ত্র কেনা ও ইসরাইলের সাথে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারতের বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছেন। ইসরাইল থেকে ভালো অস্ত্র কেনার যুক্তিও তারা দিয়েছেন। এসব অস্ত্র সীমান্তে বাংলাদেশের দিকে তাক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা তাদের স্পষ্ট বলতে চাই, বাংলাদেশকে যদি গাজা বানানোর স্বপ্ন দেখেন, ১৮ কোটি বাংলাদেশী ভারতের দিকে মার্চ করবে, ইনশাআল্লাহ।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে অনেক আলেম-ওলামা রয়েছেন, যারা আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করেছেন। তারা হিন্দুস্তানের আধিপত্যবাদ মেনে নেবেন না। এক আল্লাহ ছাড়া কারো আধিপত্য তারা স্বীকার করবেন না।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘তারা অনেক ধৈর্য ধরেছেন। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। একইসাথে গণভোটের গণরায় বাস্তবায়নের কথা বলেছেন। কিন্তু বিএনপি তাদের কথা না শুনে আওয়ামী লীগের কথা শুনেছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের সাথে ব্যবসা-বাণিজ্য করেছে। এভাবে চলতে পারে না।’

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন খান তালাত মাহমুদ রাফি, সাগুফতা বুশরা মিশমা ও জোবাইরুল হাসান আরিফসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।