কক্সবাজার, টেকনাফ, টেকনাফ সীমান্ত, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, বিশেষ অভিযান, সীমান্তে চেকপোস্ট, আদর্শ গ্রাম, টেকনাফ সদর ইউনিয়ন, আটক
বিজিবি। সংগৃহীত
ads

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রের চালান উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুজনকে আটক করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে কক্সবাজার রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো: আনোয়ার উল আলমও অভিযানের বিষয়ে সাংবাদিকদের জানান।

শনিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের অধীন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), স্টিলের তৈরি বডি, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ, বৈদ্যুতিক তার ও উন্নতমানের টুলস বক্স। এছাড়া একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। একই সাথে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় ও তাদের সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি বিজিবি।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।