নিহত কলেজছাত্র রবিউল হোসেন
নিহত কলেজছাত্র রবিউল হোসেন। নয়া দিগন্ত
ads

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মরহুম কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দুই দিন পর আজ শনিবার বিকেলে ওই গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, ওরস মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন তরুণের সাথে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সাথে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিউলের বোনজামাই জহিরুল ইসলাম বলেন, রবিউল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। কয়েক বছর আগে তার বাবা মারা যান। তিন বোন ও মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। রবিউলের এমন মৃত্যুতে তার মা ও তিন বোন দিশেহারা হয়ে পড়েছেন।

এদিকে কলেজছাত্রের এমন রহস্যজনক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। কী কারণে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনার সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।