
খাগড়াছড়িতে মাটির নিচ থেকে উদ্ধার মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।
এর আগে, শুক্রবার বিকেলে জেলা সদরের শালবন পল্লীটিলা এলাকায় মর্টারশেলটি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বাড়ির পাশে সবজি চাষ করার জন্য মাটি খুঁড়তে গেলে এক ফুট নিচেই লোহা সদৃশ বস্তুর সাথে কোদাল লেগে যায়। পরে এটি তুলে বেলাল তার ভাই সেকান্দারকে জানায়। সেকান্দার মর্টারশেলটি গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে কাটার চেষ্টাকালে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। খবর পেয়ে সেনাবাহিনী সদর জোনের একটি দল ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে মর্টারশেলটি শনাক্ত করে ও জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো: কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্তভাবে উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে সেটি কোন সময়ের এবং কারা ব্যবহার করতো, তা জানা যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









