সাংবাদিকদের সাথে কথা বলছেন নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার স্ত্রী, (ডানে) নিহত শাহীন মোল্যা
সাংবাদিকদের সাথে কথা বলছেন নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার স্ত্রী, (ডানে) নিহত শাহীন মোল্যা। নয়া দিগন্ত
ads

১০ বছরের সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী করব। আট বছরের একমাত্র ছেলে সন্তানকে নিয়ে কোথায় যাব? প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। সংসারে একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী। শো-রুমে চাকরি করে মাসে ১০ হাজার টাকা বেতন পেত।

স্বামী হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম।

আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার (১৮ নভেম্বর) নড়াইলের কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় কৃষকদল নেতা শাহীন মোল্যাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় নিহত হয়েছেন জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাও। এখন দুই পরিবারেই চলছে শোকের মাতম। কেউ যেন কাউকে সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছে না।

নিহত কৃষকদল নেতা সোহেল মোল্যা ও শাহীন মোল্যা

 

নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, ‘যারা আমার ছেলেটাকে মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি। ছেলেটাই ছিল আমাদের একমাত্র আয়ের উৎস।’

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার বড় ভাই বলেন, ‘আমার ভাইয়ের অপরাধ কী ছিল। ভাইকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির কর্মসূচিতে গিয়েছিলাম। আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই, আমার মতো ভাই যেন কেউ না হারায়।’

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্দেশে তিনি বলেন, ‘ভাই এখন আপনি মন্ত্রী। আপনার সাথে জেল খেটেছি। ভাই আপনি আমাদের ভুলে যাইয়েন না।’ এভাবেই আহাজারি করে ছোট ভাই সোহেলের হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন বড় ভাই।  

স্বজনদের আহাজারি

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহিন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মামলা দায়ের হয়নি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন।

মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে। পরে সামনের দিকে এগোনোর সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে তারা মারা যান।