
রাজশাহীতে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করলে শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি হয় না, পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়। তাই অনলাইন সাংবাদিকদের তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা, ভাষার শুদ্ধতা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে আরও দক্ষ হতে হবে।
মুহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। বর্তমান সময়ে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সংবাদ পরিবেশনের ধরন ও গতি বদলে গেছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতার সাথে কোনো আপস করা যাবে না।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত ঐক্য ও সহযোগিতা বাড়ানো জরুরি। একটি সাংবাদিক সংগঠন শুধু সদস্য বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। রোমোকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সব অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকের কল্যাণে কাজ করতে হবে।
নতুন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতায় টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি অনুসন্ধানী মনোভাব ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। এ ক্ষেত্রে রোমো প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার উদ্যোগ নিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এর সাথে মানুষের অধিকার, সমাজের সমস্যা ও রাষ্ট্রের জবাবদিহির বিষয় জড়িত। তাই, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
ডালিম হোসেন শান্ত বলেন, নতুন সংগঠন হিসেবে রোমোকে সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণের আয়োজন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি ভূমিকা রাখতে পারে। এ জন্য পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিন আলীর পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি আশিকুর রহমান এবং রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন ও রোমোর নতুন সদস্য দৈনিক উত্তরা প্রতিদিনের সাংবাদিক রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ওপর গুরুত্ব দিতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রতিযোগিতার চেয়ে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে।
অনুষ্ঠানে নতুন সদস্যদেরকে রোমোর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








