
রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন (নিহতসহ) সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৫৪ জন (নিহতসহ) সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক দেয়া হয়। এর মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের আটজন, গাইবান্ধার আটজন, ঠাকুরগাঁওয়ের একজন ও লালমনিরহাটের একজন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করা হয়। ৫৪ জনের মধ্যে চারজন নিহত সাংবাদিকদের পরিবার রয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে’র যৌথ উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এ বি এম রফিকুল ইসলাম।
রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহানের সভাপতিত্বে ও আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিইউজে’র সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিষ্টফার হিমেল রিছিল।
আরো বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে’র সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দফতর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল কমির রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম বলেন, ‘কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আরো অধিক সংখ্যক সাংবাদিকদের অনুদানের আওতায় আনা যাবে।’
তিনি বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ, আর্থিকভাবে অস্বচ্ছল পেশাদার সাংবাদিকদের এই অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নির্ভূলভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘এখন থেকে শহর ও গ্রাম সব নিহত সাংবাদিকদের আর্থিক অনুদানের আওতায় আনতে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) ইসরাজ জাহান বলেন, ‘সমাজ, প্রশাসন, রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় থাকতে সহযোগিতা করে গণমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিত করার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সেটি নিশ্চিত করতে হবে।’ এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর দাবিও তোলেন ডিসি।
তিনি আরো বলেন, ‘রংপুরসহ বিভাগের সব সাংবাদিক ও তাদের পরিবারের জন্য স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর সাথে সমঝোতা চুক্তি করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








