
ফেনীর সোনাগাজীর শতবর্ষী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন না করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা দাবি করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর আওয়ামী লীগের নেতা হওয়ায় ইচ্ছাকৃতভাবে দিবসটির কর্মসূচি এড়িয়ে গেছেন। তবে প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তাই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর সোনাগাজীর বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ইচ্ছাকৃতভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি এড়িয়ে গেছেন।
শিক্ষা বোর্ড ও স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজনের কথা বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সরকারি নির্দেশনা অনুসরণের নির্দেশ দেয়া হয়। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় বন্ধ রাখা এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন না করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর বিদ্যালয়ের দায়িত্বে থাকা অবস্থায় বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফেনীর মহিপালে ৪ আগস্ট ছাত্র হত্যা মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল অভিযোগ করে বলেন, ‘প্রধান শিক্ষক আওয়ামী লীগের নেতা হওয়ায় রাষ্ট্রীয় এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেননি। এর মাধ্যমে তিনি সরকারি নির্দেশনা ভঙ্গ ও জাতীয় দিবসকে অসম্মান করেছেন। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।’
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর বলেন, ‘শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তারা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। পরে উপজেলা পর্যায়ে কর্মসূচি থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে চলে যান।’
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসেন বলেন, ‘জাতীয় দিবস পালনের বিষয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বারবার নির্দেশনা দেয়া হয়েছিল। এরপরও বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় দিবসটির গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে এমন অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন, ৭ নভেম্বরের আলোচনা সভা পরদিন আয়োজন করবেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








