বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নয়া দিগন্ত

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’

Advertisement

তিনি বলেন, ‘কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এ কারণে বর্তমান সরকার কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’

রোববার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্মিত একটি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Advertisement

কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।

হুইপ দুলু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষিবান্ধব। ক্ষমতায় আসার আগেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ঋণমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কৃষকদের আর্থিকভাবে সচ্ছল রাখা এবং কৃষিকাজে উৎসাহিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’

সারের সঙ্কট প্রসঙ্গে হুইপ বলেন, ‘কৃষকদের ভোগান্তি কমাতে প্রতিটি ইউনিয়নে সার বিতরণের জন্য ডিলারের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো হবে। যাতে সার সংগ্রহ করতে গিয়ে কৃষকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে না হয়।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।