আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে বাবার সাথে ব্যবসার টাকার হিসাব নিয়ে মনোমালিন্যের জেরে পাটের গুদামে আগুন দেয়ার অভিযোগ ওঠেছে ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘরসহ সেখানে থাকা প্রায় ৩২০ মণ পাটের বড় একটা অংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন গুদাম মালিক।

Advertisement

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামশা বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম রাসেল মোল্লা। তিনি জামশা বাজার এলাকার সামেজুদ্দিন মোল্লার ছেলে।

Advertisement

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার আগে সকালে রাসেল মোল্লা গুদামের আশপাশে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় তাকে গুদামের টিন ও দরজা ভাঙচুর করতে দেখা যায়। পরে গুদামে আগুন লাগিয়ে তিনি সেখান চলে যান বলে অভিযোগ স্থানীয়দের।

আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

গুদাম মালিক সামেজুদ্দিন মোল্লা বলেন, ব্যবসার টাকার হিসাব নিয়ে আমার ছেলের সাথে মনোমালিন্য হয়। এতে সে উত্তেজিত হয়ে গুদামে আগুন লাগিয়ে দেয়। গুদামে আমার প্রায় ৩২০ মণ পাট ছিল। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

তিনি আরো বলেন, আগুনে গুদামের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেখানে থাকা পাটের বড় অংশ পুড়ে গেছে।

সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে গুদামঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। গুদামে থাকা পাটের প্রায় ৮০ শতাংশও পুড়ে গেছে।’