
কুমিল্লায় পাহাড় কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। এ সময় পাহাড়ের মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৮ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারা অনুযায়ী পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিম (৭৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
আব্দুর রহিম শ্রীবিদ্যা এলাকার মরহুম আব্দুল গণির ছেলে।
উপজেলা প্রশাসন, কুমিল্লা সদর দক্ষিণ ও পরিবেশ অধিদফতর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম নুরুল আখতার নিলয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, পাহাড় ও টিলা কাটা রোধ এবং সার্বিক পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








