স্বেচ্ছাসেবক দল, গণপিটুনি, ভিডিও, নারী, ব্ল্যাকমেইল
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দেয়ার দৃশ্য। নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে সেসব ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠুর বিরুদ্ধে। এর জেরে স্থানীয়দের গণপিটুনির শিকার হন তিনি। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে মিঠুর বিরুদ্ধে। পরে এসব ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও করেছেন স্থানীয়রা।

Advertisement

পুলিশ জানায়, অভিযুক্তের ব্যবহৃত মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং ঘটনার সাথে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজনের হাতে গণপিটুনির শিকার হন মিঠু। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে সম্ভাব্য ভুক্তভোগী নারীদের পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দাবি জানিয়েছেন তারা।

উজিরপুর মডেল থানার ওসি মো: রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সাথে দেখছি। অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’