গ্রেফতার
গ্রেফতার আসামি দু’জন। নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের শরিফুল আলম সোহাগ ও নলেয়া গ্রামের স্বপন মিয়া।

Advertisement

এর আগে গত ১৯ অক্টোবর দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্ট নুর মোহাম্মদকে (৩৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোনের অবস্থান ও ব্যবহার নজরদারি শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। একজনের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে পুলিশর তৎপরতা অব্যাহত রয়েছে।’