
নোয়াখালীর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি এ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা শহরে মাইজদীতে শহীদ ভুলু স্টেডিয়ামে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের সব জেলার অংশগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে একযোগে অনুষ্ঠানটি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশকে বিশ্বের কাছে একটি অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর সফলভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ক্রীড়াপ্রেমী শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণকে স্বাগত জানান।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী হিরন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








