
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা যুবদল নেতা নাজমুল হাসানের দখল করা জমিতে পিলার স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি জমি দখল করে যুবদল নেতার অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম এ যুবদল নেতাকে কাজ বন্ধের নির্দেশ দেন।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার নাইঘর গ্রামে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ইউএনও এ নির্দেশ দেন। একই সাথে তিনি রোববার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট জমিটি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দেয়ার কথা জানান।
এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) ‘ব্রাহ্মণপাড়ায় খাস জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ’ শিরোনামের দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় এবং ‘ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়ির রাস্তা ও খাস জমি দখলের অভিযোগ’ শিরোনামে নয়া দিগন্ত অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ইউএনও মুন্নী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অবৈধভাবে দখল করা জমিতে উপজেলা যুবদল নেতা মো: নাজমুল হাসানের পিলার স্থাপন কাজ বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও মুন্নী ইসলাম জানান, পিলার স্থাপনের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং নাজমুল হাসানকে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন।
ইউএনও বলেন, ‘রোববার একজন সার্ভেয়ার পাঠিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। এখানে খাসজমি খালের মধ্যে পড়েছে, নাকি কারো ব্যক্তিগত জায়গা খালের মধ্যে চলে গেছে, তা সরেজমিনে যাচাই করা হবে। পরিমাপ ও যাচাই শেষ না হওয়া পর্যন্ত পিলার স্থাপনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








