প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক গ্রহণ করছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক গ্রহণ করছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। নয়া দিগন্ত
ads

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে খামার পরিচালনায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এসব পুরস্কার গ্রহণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত আফসা হক ডেইরি ফার্মে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশু পালন এবং দুগ্ধ উৎপাদন করা হয়। খামার পরিচালনায় তার অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে এ সম্মাননা দেয়া হয়।

পুরস্কার গ্রহণের পর আরিফুল হক চৌধুরী খামারিদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে তার এ অর্জনকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও উৎসাহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।