
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে।
পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মো: মজিবুর রহমান প্রমুখ।
বহুল আলোচিত সাত খুনের পেছনে পাঁচ থেকে ছয় কোটি টাকার আর্থিক সম্পৃক্ততা, একটি ফ্ল্যাট ও কয়লার ব্যবসার বিষয় উঠে এসেছে বলে গতকাল শুনানির পর সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো: ইব্রাহিম। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ছয়জনের লাশ। পরদিন পাওয়া যায় আরেকজনের লাশ। নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তি হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাত খুনের মামলায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (অব্যাহতিপ্রাপ্ত) লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত ব্যক্তিরা। পরবর্তী সময়ে হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল ও অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া নয় আসামির দণ্ড বহাল থাকে। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









