
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ কেন্দ্রীয় মসজিদ হতে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তির মোড়ে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।
সমাবেশের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান বলেন, ‘গণভোটের গণরায় ও জুলাই সনদের বাস্তবায়নই কেবল ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট ও ফ্যাসিজমের পথ রুদ্ধ করার একমাত্র উপায়। সরকার ও সরকার দলীয় কিছু লোকদের প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। যারা একটি থানা বা জেলার শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা শুধু নয়, নিজেদের দলীয় এমপিদের বাসা বাড়ির নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না, তাদের পক্ষে সারাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার বিষয়টি আশা করা যায় না।’
তিনি আরো বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরের সংস্কার, সেই সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। দুঃখজনক হলেও সত্য, এখন যারা সরকারে আছেন, তারা গণভোটের পক্ষে কথা বলেছেন, হ্যাঁ-এর পক্ষে কথা বলেছেন এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু ক্ষমতায় এসে তারা আবারো জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করেছেন।’
মাহফুজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সব সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। আজ আমরা সেই বৈষম্য দেখতে পাচ্ছি। মুখে বলছেন আমরা শতভাগ সংস্থার ধারণ করি; কিন্তু তারা সম্পূর্ণ উল্টাপথে হাঁটছেন। আগামীতে কোনো ঐক্য হলে তার ভিত্তি হবে চব্বিশের চেতনা ও জুলাই সনদের বাস্তবায়ন। এছাড়া কোনো ঐক্য হতে পারে না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









