দুই বিভাগ চালুর সক্ষমতা যাচাইয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
দুই বিভাগ চালুর সক্ষমতা যাচাইয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। নয়া দিগন্ত

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাইয়ে জন্য বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ, ভৌত অবকাঠামো ও বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

Advertisement

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো: কামরুল ইসলাম, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো: মহিবুল আহসান ও সিনিয়র সহকারী পরিচালক মো: নুর ইসলাম চৌধুরী।

এর আগে প্রতিনিধি দলটি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে ভিসি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন তাদের স্বাগত জানান।

পরিদর্শন শেষে ইউজিসির সদস্য ও প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম হোসেন বলেন, ‘বিশেষজ্ঞদের সমন্বয়ে আমরা দু’টি বিভাগ চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা যাচাই করতে এসেছি। সরেজমিনে পরিদর্শনে পাওয়া তথ্য ও পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় জায়গা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে। বরং প্রয়োজনের তুলনায় জায়গার পরিমাণ বেশি থাকায় বিষয়টি আমাদের ভালো লেগেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু পরামর্শ দেয়া হয়েছে।’

উল্লেখ্য, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফ্যাকাল্টি অব আর্টসের অধীনে ইংরেজি বিভাগ চালুর লক্ষ্যে ইউজিসি এই বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটির পরিদর্শন ও সুপারিশের ভিত্তিতে বিভাগ দু’টি চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।