বরিশাল,
বরিশালে অর্থনৈতিক কর্মকাণ্ড তুলনামূলক কম, এগিয়ে নিতে বৃহৎ শিল্পের তাগিদ। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

সেমিনারে দেশের অর্থনৈতিক কাঠামোর প্রকৃত চিত্র, ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন ও অবস্থানভিত্তিক অবস্থা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো: মামুন খন্দকার। 

বরিশাল বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান। 

এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্য-উপাত্ত ও বরিশালের অর্থনৈতিক বাস্তবতা

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগ তথ্য ও উপাত্তের যুগ। ভবিষ্যতে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যেতে চাইলে অর্থনীতিভিত্তিক তথ্য ও উপাত্তে সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি আগামীর সম্ভাবনা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বরিশাল বিভাগের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জরিপে জীবনযাত্রার মান ও পরিবারের আয়-ব্যয়সংক্রান্ত বিষয়ে দেশের অন্যান্য বিভাগের চেয়ে বরিশাল বিভাগ পিছিয়ে রয়েছে। কেননা এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকান্ড সীমিত। এ অবস্থা থেকে উত্তরণে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন অর্থনৈতিক ইউনিট সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।

কৃষি ও যোগাযোগব্যবস্থার সম্ভাবনা

জেলা প্রশাসক আরো বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রবাসী আয় ও শিল্প খাতের অবদান গুরুত্বপূর্ণ হলেও দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষিজমির পরিমাণ কমলেও উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা কৃষি খাতের অগ্রগতির একটি ইতিবাচক দিক।

যোগাযোগব্যবস্থার অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, চার লেন সড়ক এবং কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে বরিশাল অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।

শুমারির তথ্য ও কর্মসংস্থানের চিত্র

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো: আতিকুর রহমান। বরিশাল অঞ্চলের তথ্য তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক শুমারি -২০২৪ অনুযায়ী বরিশাল জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬ টি, যার মধ্যে স্থায়ী ১ লাখ ৫ হাজার ৬১১ টি, অস্থায়ী ৬ হাজার ৯৯৭টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৬০ হাজার ৬৮ টি। ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭২টি। অর্থাৎ, বিগত এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট প্রায় ৬২.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ২ লক্ষ ৮৮ হাজার ৭৪০ জন স্থায়ী, ৮হাজার ৬১৮ জন অস্থায়ী ও ৭৪ হাজার ২৩৪ জন অর্থনৈতিক খানার অন্তর্ভূক্ত। এসকল অর্থনৈতিক ইউনিটগুলোতে ৩ লাখ ২৬ হাজার ৬৫২ জন পুরুষ ও ৪৪ হাজার ৯১৮ জন নারী কর্মরত রয়েছেন।