নৌপরিবহনমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জেটির প্রবেশদ্বারের কাছে দুটি বৃক্ষরোপণ করেন। নয়া দিগন্ত

মোংলা বন্দরের উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে এর অবদান আরো জোরদার করতে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ, সেতু, রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। 

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (রেজি. নং-১৯৫৭) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের জেটিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

শ্রমিক কল্যাণ ও মোংলা বন্দরের উন্নয়ন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। দেশের ও মোংলা বন্দরের বৃহত্তর স্বার্থে ছোটখাটো মতপার্থক্য ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘শ্রমিকরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক সংগঠন ও সিবিএকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যোগ্য নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে হবে। মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’

শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমিক নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো: সোহাগ শুভেচ্ছা বক্তব্য দেন। 
বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো: জুলফিকার আলী।

পরবর্তীতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

সভাপতির বক্তব্য ও বৃক্ষরোপণ

সভাপতির বক্তব্যে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে সরকার কাজ করছে।’ 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নবনির্বাচিত কমিটি মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের উন্নয়ন ও অগ্রগতিতে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জেটির প্রবেশদ্বারের কাছে দুটি বৃক্ষরোপণ করেন। পরিশেষে দেশ ও জাতির সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।