দুস্থ সহায়তা
বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। নয়া দিগন্ত

সরকারি সহায়তার তালিকা তৈরির ক্ষেত্রে দলীয় পরিচয়, আত্মীয়তা কিংবা ধর্ম বিবেচনা না করে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা প্রকৃতপক্ষে সরকারি সহায়তা পাওয়ার উপযুক্ত, তাদেরই এই সহায়তা দেবেন। এর মধ্য দিয়েই আমাদের সরকারের ওপর মানুষের আস্থা বাড়বে। আমার প্রতি এবং সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের প্রতিও জনগণের আস্থা বৃদ্ধি পাবে।’

Advertisement

তিনি বলেন, ‘সরকারি সহায়তা জনগণের কল্যাণে বরাদ্দ দেয়া হয়। তাই সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে দেবীগঞ্জ উপজেলার ৪৪ জন অসহায় পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য তিন হাজার টাকার চেক দেয়া হয়। এ ছাড়া দু’টি মসজিদের প্রত্যেকটিকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।