জঙ্গল ছেড়ে লোকালয়ে মেছোবাঘ বা মেছো বিড়াল
জঙ্গল ছেড়ে লোকালয়ে মেছোবাঘ বা মেছো বিড়াল। নয়া দিগন্ত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেছোবাঘের আতঙ্কে রয়েছে শতাধিক পরিবার। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড়ে দেখা মিলে দু’টি মেছোবাঘের। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে মেছোবাঘ দু’টি পালিয়ে যায়। মেছোবাঘ দু’টি এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

Advertisement

স্থানীয় বাসিন্দা মো: বাবলু মিয়া জানান, বেশ কিছু দিন ধরে দু’টি মেছোবাঘ উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা এলাকায় চলাফেরা করছিল। এলাকার অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেকের বাড়ির পাশের ঝোপঝাড়ে দু’টি মেছোবাঘ দেখা যায়। এ সময় হারুন নামে এক কিশোর মোবাইলফোনে ভিডিও ধারণ করেন। মুহূর্তেই সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক জনতা ওই ঘন জঙ্গলের পাশে ভিড় জমান।

স্থানীয় আ: বারেক মিয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে দু’টি মেছোবাঘকে আমার বাড়ির পশ্চিম পাশের ঘন জঙ্গল থেকে বাইরে এসে শুয়ে থাকতে দেখি। পরে মেছোবাঘ দু’টি উচ্চস্বরে গর্জন করতে থাকে। মেছোবাঘের গর্জনে সামনে কেউ যেতে সাহস পাচ্ছিল না।

Advertisement

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আব্দুল্লাহ জানান, মেছোবাঘের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায়।

উপজেলা বন কর্মকর্তা মো: এমরান আলী জানান, আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা ভুল করে এটাকে চিতাবাঘ বললেও এটা মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল। এর নামের সাথে বাঘ কথাটি থাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের আতঙ্কিত না হতে এবং মেছোবাঘ দু’টিকে না মারার অনুরোধ করে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েছি।