
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন, স্থানীয়দের পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কয়লা খনি এলাকায় এই মানববন্ধন করেন ফুলবাড়ি, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জের মানুষরা। খনির বৈগ্রাম চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপি শান্তিপূর্ণ মানবন্ধনে ‘ফুলবাড়ি কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে অর্ধসহস্রাধিক মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে নানা দাবি জানায়।
মানববন্ধনে মো: জাকারিয়া নয়ন বলেন, ‘কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করতে হবে। এই খনি উন্নয়নকালে প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘ইতোপূর্বে বড়পুকুরিয়া কয়লা খনির জন্য ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছে। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন করা হলে একই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বড়পুকুরিয়া কয়লা খনির ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ীর কয়লা খনির মুখ রয়েছে। এখান থেকেই কয়লা উত্তোলন শুরু করা হবে বলে জানা গেছে।’
তিনি বলেন, ‘দেশে জ্বালানি সঙ্কটের বিপরীতে অর্থনৈতিক মুক্তি পেতে পৃথিবীর সর্বোবৃহৎ উৎকৃষ্ট মানের কয়লার মজুদ রয়েছে ফুলবাড়ীসহ চার উপজেলায়। এই কয়লা উত্তোলন করে জ্বালানি সঙ্কট মোকাবিলা করা সম্ভব।’
তিনি ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রকল্প এলাকার মো: আব্দুল কাদের, মো: আব্দুল আজিজ ও মো: বিপ্লব হোসেনসহ অন্য ব্যক্তিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








