সরকারি জেলা স্কুল, গোপালগঞ্জ
সরকারি জেলা স্কুল, গোপালগঞ্জ। নয়া দিগন্ত

গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় গোপালগঞ্জ জেলা স্কুলের নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (ট্রান্সফার সার্টিফিকেট টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে স্কুলের প্রধান শিক্ষক মো: জিয়া।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিনের পর ক্লাসরুমের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভিডিওটি।

ঘটনার পর দিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মো: ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়। পরে অভিযুক্ত নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, স্কুলে রাজনৈতিক স্লোগান দেয়ার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নয় শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক মো: জিয়া বলেন, গত ৬ অক্টোবর স্কুলের ভেতরে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক স্লোগান দেয় কিছু শিক্ষার্থী। এ সময় আমি নামাজে ছিলাম। পরে নামাজ থেকে আসার পর গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করে মিছিলের বিষয়ে জানতে চায়। পরে আমি অন্যান্য শিক্ষকদের কাছে শুনে বিষয়টি নিশ্চিত হই যে, স্কুলে এই ধরনের মিছিল বা স্লোগান দেয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’