
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবির বলেছেন, ‘শ্রমিকরা খুব বেশি উত্তেজিত নন। হয়তো কেউ কেউ প্ররোচনার শিকার হয়ে কারখানার বাইরে আসছেন। তাদের বুঝিয়ে কারখানায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে না জড়ালে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি কাজ করছে তিনটি গোয়েন্দা সংস্থা।
তিনি জানান, শুধু নারায়ণগঞ্জ শহরেই দায়িত্ব পালন করছেন ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি উপজেলাতেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ছয় প্লাটুন বিজিবি এবং বিভিন্ন স্থানে ৫০ জন করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া দিনভর দেড় শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
ডিসি আরো জানান, নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা থেকে তিন শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে টানা তিন দিনের বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্প এলাকায় স্বাভাবিকভাবে কারখানার উৎপাদন কার্যক্রম চলছে।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকদের সম্ভাব্য বিক্ষোভস্থল হিসেবে চিহ্নিত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান করছেন। সড়কের বিভিন্ন স্থানে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও জলকামানের গাড়ি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৃহস্পতিবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকার সব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। একইভাবে বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায়ও স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








