
নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে এবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে প্রায় ২ ঘণ্টা ধরে নগরীর সদর হাসপাতাল মোড় ও জাদুঘর মোড় এলাকায় চলে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা ও পাল্টা হামলা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
ছাত্রদল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, রাজপাড়া থানা এলাকার টিভি পুকুর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন ও তার অনুসারীরা। শাহিনুর ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা এবং একটি মামলার আসামি বলে দাবি করেছেন লিমন। এ ঘটনাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের অপর পক্ষের সাথে তাদের বিরোধ তৈরি হয়।
লিমনের অভিযোগ, শাহিনুরকে পুলিশের হাতে তুলে দেয়ার সময় অপর পক্ষের নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাকেও ছাত্রলীগের সহযোগী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হয়। এর জের ধরে বাসায় ফেরার পথে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সদর হাসপাতাল মোড়ে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে তার অনুসারীরা হামলা চালান।
লিমন তার ফেসবুক লাইভে অভিযোগ করেন, মান্নাতের নেতৃত্বে পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা ছিল বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ককটেল ব্যবহার করেন।
লিমন আরও অভিযোগ করেন, শাহিনুরকে পুলিশের হাতে তুলে দেয়ার সময় মান্নাতের এক চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সাথে বৈঠক করছিলেন। হামলার সময় মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের একটি সূত্রের দাবি, উভয়পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহার করেন। সংঘর্ষ একপর্যায়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং অতিরিক্ত সদস্য মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লিমন বলেন, ‘যারা দিনরাত ২৪ ঘণ্টা ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছেন, তাদের ওপরই যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তাহলে তারা কার কাছে প্রতিকার চাইবেন?’
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারী ও নেপথ্যের ইন্ধনদাতাদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঘটনার প্রতিকার চেয়েছেন বলে জানান লিমন। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বক্তব্য জানতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে সংঘর্ষের বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









