মুরগির খামার
মুরগির খামার। নয়া দিগন্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে প্রায় ছয় শ’ মুরগি লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে পাঁচবিবি-বরন সড়ক সংলগ্ন পৌরসভার রাধাবাড়ী এলাকায় মনোরঞ্জন দাস রতনের মুরগির খামারে এ ঘটনা ঘটে।

Advertisement

ঘটনার সময় খামারের নৈশপ্রহরী বাদল চন্দ্রকে হাত বেঁধে চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে খামারের নেট কেটে প্রায় ৬০০ মুরগি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নৈশপ্রহরী বাদল চন্দ্র জানান, রাতে খামারে ঘুমিয়ে থাকা অবস্থায় সাত-আটজনের একটি দল এসে তার হাত বেঁধে ফেলে। চিৎকার করতে নিষেধ করে একজন চাকু হাতে তাকে পাহারায় রাখে। এ সময় অন্যরা খামারের তারের নেট কেটে মুরগিগুলো লুট করে রাস্তায় রাখা পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে মালিককে বিষয়টি জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনির তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে। শেডের তালা খুলতে না পেরে নেট কেটে মুরগি নিয়ে যায়। এ সময় একটি পিকআপ ভ্যানও খামারের দিকে যেতে দেখা যায়।

খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, প্রায় ৬০০ মুরগি লুট হয়েছে, যার আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, মৌখিকভাবে তিনি ঘটনাটি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।