আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার প্রধান শিক্ষক বরখাস্ত
বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: এনামুল হক। সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

Advertisement

বুধবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। একই সাথে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ৩ নভেম্বর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যালয়ের ভেতরেই ওই শিক্ষককে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিক্ষুব্ধ লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম জানান, আটকের পর ছাত্রীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন বলেন, ‘একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের ন্যক্কারজনক আচরণ কখনোই কাম্য নয়। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বলেন, ‘প্রাথমিক তদন্তে শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ও আইনগত তদন্ত চলমান রয়েছে।’