
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ছয়জন নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা রয়েছেন। তারা হলেন ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান (৫৬), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন (৫৮), ১২ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক (২৩), ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী (৬২), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিহাদ (২১) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









