আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার যুবকের কারাদণ্ড
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার যুবক মনোয়ার বিশ্বাস। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মনোয়ার বিশ্বাস (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক এই সাজা প্রদান করেন। 

গ্রেফতার মনোয়ার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর (স্কুলপাড়া) গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে গত ২ নভেম্বর রাত ৯টা ৫০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকার বাবু কমিশনারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই আলমগীর হোসেন। এ সময় ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মনোয়ার বিশ্বাসকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর মনোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১), সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশন দায়ের করা হয়। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, রায় ঘোষণার পর আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।