
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে সরকার নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না। যা হয়েছে সব ফ্যাসিস্টের আমলে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৩ নভ্ম্বের) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন, সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন শেষে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসাথে এগুলো বন্ধ করা যাবে না। পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে, সকালে সাড়ে ৮টার দিকে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নিতে এসেছেন বলে জানান তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও কথা বলেন তিনি।
চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সঙ্কটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন।
পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অনেকেই উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








