
নেত্রকোনার মদন উপজেলায় টোল আদায়ের মাত্র ২০ টাকাকে কেন্দ্র করে টোল আদায়কারীর ধাক্কায় মো: বারেক মিয়া (৮২) নামে এক বৃদ্ধ জুলাইযোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে মদন-কেন্দুয়া সড়কের মড়ল বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত তরিকুল ইসলামকে (১৯) আটক করেছে মদন থানা পুলিশ।
নিহত বৃদ্ধ জুলাইযোদ্ধা মো: বারেক মিয়া উপজেলার ২ নম্বর চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি চকপাড়া গ্রামের মরহুম আব্দুল গনির ছেলে। তিনি ২৪-এর জুলাই আন্দোলনে ‘খ’ ক্যাটাগরির আহত জুলাইযোদ্ধা ছিলেন।
অন্যদিকে, আটক তরিকুল মদন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারিভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে মদন-কেন্দুয়া সড়কের মড়ল বাড়ির সামনে টোল আদায়ের ২০ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক রায়হান মিয়ার সাথে টোল আদায়কারী তরিকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী বারেক মিয়ার নাতি আরিফুল বিষয়টি নিয়ে তরিকুলের সাথে কথা বলতে গেলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে বারেক মিয়া তাদের মারামারি থামাতে এগিয়ে গেলে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মদন থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুলকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাহ উদ্দিন করিম বলেন, ‘ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারী তরিকুলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









