গাজীপুরে শ্রমিক আন্দোলনের নেতৃত্বে জবি ছাত্রলীগ নেতা 
জবি ছাত্রলীগের সাবেক নেতা সাজবুল ইসলামকে গাজীপুরে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা যায়  । নয়া দিগন্ত

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামকে। তার ফেসবুক পেজ পর্যালোচনা করে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনে এ ধরনের ব্যক্তিদের সম্পৃক্ততা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

Advertisement

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যাওয়ার পর তার রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। কিন্তু এর মধ্যেও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনার নেপথ্যে শ্রমিকদের দাবিকে পুঁজি করে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, শ্রমিকদের পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী ও দুষ্কৃতকারীরা আন্দোলনে যুক্ত হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও তথ্য বিশ্লেষণেও বহিরাগতদের সম্পৃক্ততার কিছু আলামত পাওয়া গেছে বলে তাদের দাবি।

সাজবুল ইসলামের মতো আরো অনেকে শ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছেন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বলে জানা গেছে। সূত্র মতে, সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন গোষ্ঠী এবং দুষ্কৃতকারীরা আন্দোলনে যুক্ত হয়ে অরাজকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানা গেছে।