সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার বিতরণ
সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার বিতরণ। নয়া দিগন্ত

স্বকর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট (ব্যবসায়িক ভ্যান) বিতরণ করা হয়েছে।

Advertisement

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় ১২০ জন নির্বাচিত উপকারভোগীর মধ্যে এসব বিতরণ করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অ্যাজেন্সি (সিডকা) ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন ও ৫২ জনকে বিজনেস কার্ট দেয়া হয়। মোট উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে।’

তিনি বলেন, ‘বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মহীন জনগোষ্ঠীকে স্বনির্ভর করে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা হবে। শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সরকারের এসব উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

রাসিক প্রশাসক বলেন, ‘ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী নগরীতে এসব সংস্থার কার্যক্রম সম্প্রসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।’

ফুটপাত প্রসঙ্গে তিনি বলেন, ‘ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। সেগুলো দখলমুক্ত করতে সিটি করপোরেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেয়া হচ্ছে।’

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন।

এতে বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ ও সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি।

তারা বলেন, এসব সহায়তা সরঞ্জাম তাদের আয়ের সুযোগ সৃষ্টি ও জীবিকা নির্বাহে সহায়ক হবে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। সহায়তা দেয়ায় তারা রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনসহ প্রকল্পসংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম প্রদান করা হয়।