বিএনপি কোনো চেতনা ব্যবসা করতে চায় না : মুরাদনগরে ধর্মমন্ত্রী 
বীরমুক্তিযোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নয়া দিগন্ত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সবাইকে সাথে নিয়ে দেশ ও সমাজ পুনর্গঠনে সামনে এগিয়ে যেতে চাই। অতীতে একটি দল মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। তবে বিএনপি কোনো চেতনা ব্যবসা করতে চায় না।’

Advertisement

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসা শেষে প্রায় সাড়ে চার মাস পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে আবেগঘন বক্তব্য দেন মন্ত্রী। 

মুরাদনগরের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি নিজেকে এই জনপদের ‘মন্ত্রী’ নয়, বরং সাধারণ ‘কামলা ও খাদেম’ হিসেবে মনে করেন।

শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে কড়া বার্তা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।’ মুরাদনগরের সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলে ক্ষোভ প্রকাশ করে তিনি ঘোষণা দেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল টানা দুই বা তিনবার খারাপ হবে, তাদের এমপিও বন্ধের সুপারিশ করা হবে। সরকার থেকে সুযোগ-সুবিধা নিয়ে খারাপ ফলাফল করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।

বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কায়কোবাদ জানান, প্রতিবন্ধী ভাতা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মগুরুদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার কাজ চলছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও সহকারী শিক্ষক শারমিন ফাতেমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সনাতন ধর্মাবলম্বী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।