
শিল্পাঞ্চল সাভারে তৈরি পোশাক কারখানায় সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিবাদের দোসররা শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে।”
সোমবার (২ নভেম্বর) সাভারের জিরাবো এলাকার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আরো বলেন, ‘গার্মেন্ট শিল্পে অস্থিরতা তৈরি করা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের অপকৌশল ও গভীর ষড়যন্ত্রের অংশ। বিভিন্ন কারখানায় পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে।’
এসব সহিংস কর্মকাণ্ডের পেছনে পলাতক অপশক্তির প্রত্যক্ষ হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এর আগে গত রোববার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে অবস্থিত ‘এ কে এইচ টাওয়ারে’ বহিরাগত দুষ্কৃতকারীরা ব্যাপক হামলা চালায়। দুষ্কৃতকারীরা ল্যাব ও সিকিউরিটি রুমে অগ্নিসংযোগ, ৫০টিরও বেশি গাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুটপাট চালায়।
প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার (প্রশাসন) মো: হুমায়ুন মজুমদার জানান, এই ধ্বংসাত্মক ঘটনায় তাদের আনুমানিক ৫ থেকে ৭ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে সোমবার পদ্মার মোড় ও রাজফুলবাড়ীয়া এলাকার একেএইচ (AKH) গ্রুপের একাধিক প্রতিষ্ঠানসহ মোট ১৪টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে পরিস্থিতির মধ্যেও এলাকার প্রায় ৮০ থেকে ৮৫টি পোশাক কারখানা চালু ছিল।
এদিকে ঘটনার পর সরেজমিনে দেখা যায়, বহিরাগতদের হামলার কারণে শিল্পাঞ্চলে স্থবিরতা নেমে আসলে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে হেমায়েতপুরের পদ্মার মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত থেকে শিল্পাঞ্চলে শান্তি রক্ষা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় পাহারা বসান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








